Most Recent Post
Home / Uncategorized / বিএনপি বেকার তৈরি করে না, কর্মসংস্থান সৃষ্টি করে: রিজভী

বিএনপি বেকার তৈরি করে না, কর্মসংস্থান সৃষ্টি করে: রিজভী

ঢাকা, ১ জুন: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কখনো বেকারত্ব সৃষ্টি করেনি; বরং কর্মসংস্থান সৃষ্টি করেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে বিএনপির সরকার দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সোমবার (১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল।

রিজভী বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। বৈদেশিক কর্মসংস্থানের এই ধারা জিয়াউর রহমানের হাত ধরেই শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রণোদনা ও সহযোগিতার মাধ্যমে অসংখ্য উদ্যোক্তা গড়ে তোলার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পে নারীদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত গার্মেন্টস শিল্পে বিপুলসংখ্যক নারী কাজ করছেন, যা নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বড় উদাহরণ।

তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দেশের কর্মসংস্থান আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন খাতে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করা হবে।

হকারদের বিষয়ে তিনি বলেন, উচ্ছেদের পরিবর্তে পুনর্বাসনের নীতি গ্রহণ করা হচ্ছে, কারণ একজন হকারের সঙ্গে একটি পরিবারের জীবিকা জড়িত। তিনি আরও বলেন, সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষকে সহায়তা দিচ্ছে এবং এতে নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, মানুষের আত্মনির্ভরশীলতা গড়ে তোলার লক্ষ্যে তিনি স্বেচ্ছাশ্রমভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ১ হাজার ৬০০ মাইল খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা সেচ সুবিধা বৃদ্ধি, খাদ্য উৎপাদন সম্প্রসারণ এবং মৎস্য চাষের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আশফাকুল ইসলাম মনু। সঞ্চালনা করেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

শার্শায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরের শার্শায় এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *