মোঃ সোহরাব হোসেন জেলা প্রতিনিধি,বরগুনা:
বরগুনায় পানের বরজ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের শ্রম ও লাখ লাখ টাকার বিনিয়োগে গড়ে তোলা একটি পানের বরজ মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন-এর সাতঘর কুমড়াখালী গ্রামে।
ভুক্তভোগী জসিম হাওলাদারের অভিযোগ, সকাল প্রায় ৯টার দিকে স্থানীয় হাকিমের ছেলে রিপনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার পানের বরজে হামলা চালায়। এসময় বরজের বিভিন্ন অংশ ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।
তার দাবি, দীর্ঘদিনের পরিশ্রম ও বিপুল অর্থ বিনিয়োগে গড়ে ওঠা বরজটি ধ্বংস হওয়ায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। জসিম হাওলাদার বলেন, আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে এনজিও থেকে ঋণ এনে দীর্ঘদিন ধরে কষ্ট করে পানের বরজ গড়ে তুলেছি।
হঠাৎ করে এসে সবকিছু ভেঙে ফেলা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে অভিযুক্ত আসাদুজ্জামান রিপনের পরিবারের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Bangladesh Pratinioto news site