সোহরাব বরগুনা:বরগুনা জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের অংশগ্রহণ আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এবার জেলার গণমাধ্যমকর্মীদের কাছ থেকে লিখিত প্রস্তাব ও মতামত আহ্বান করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা (সাধারণ শাখা) থেকে জারি করা এক পত্রে জানানো হয়েছে, জেলার উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বাস্তবভিত্তিক মতামত গ্রহণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, পূর্বে অনুষ্ঠিত নির্বাচন ইস্যুতে মতবিনিময় সভার ধারাবাহিকতায় এবার সাংবাদিকদের সঙ্গে আরও কাঠামোগত ও কার্যকর যোগাযোগ গড়ে তুলতে মাসভিত্তিক লিখিত প্রস্তাব সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে জেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উন্নয়ন সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
এ উদ্যোগের আওতায় জেলার সাংবাদিকদের প্রতি প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে জেলার সার্বিক উন্নয়ন, সড়ক, স্বাস্থ্য, শিক্ষা, নদীভাঙন, পরিবেশ, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা, প্রশাসনিক সেবা কিংবা স্থানীয় গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা বিষয়ে লিখিত প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করায় জনগণের প্রকৃত সমস্যা ও বাস্তব চিত্র সবচেয়ে কাছ থেকে দেখেন। ফলে তাদের সুপারিশ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সংবাদ শুধু তথ্য নয়, সমাজ পরিবর্তনেরও হাতিয়ার ,আর সেই বাস্তব অভিজ্ঞতাকে প্রশাসনিক পরিকল্পনায় যুক্ত করতেই বরগুনায় নতুন এই উদ্যোগ
Bangladesh Pratinioto news site