শেখ নিয়াজ মোহাম্মদ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পুড়িয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এছাড়াও জিআর, সিআর ও সাজা পরোয়ানাভুক্ত ৪ জন এবং পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ডের মাদানীনগর আল-আমিন গার্মেন্টসের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ধৃত আসামী মোঃ শহিদুল ইসলাম (৩৪)-এর দেহ তল্লাশীকালে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে পেপার কাগজে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
একই অভিযানে মোঃ জামাল হোসেন (৪৪)-এর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি পুড়িয়ার ওজন প্রায় ০.১ গ্রাম হিসেবে মোট ৫ গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদক ক্রয়-বিক্রয় কাজে সহায়তার অভিযোগে সোহেল হোসেন (৪২) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে সিআর ও সাজা পরোয়ানার ভিত্তিতে মোঃ আরিফুর রহমান বাপ্পি, আমিনুল হক পাবেল, মোঃ আরিফুর রহমান এবং তাহমিনা নামে ৪ জনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় তুফিকুল ইসলাম ওরফে দুর্জয় (২৮) নামে আরও একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামীদেরকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Oplus_131072
Bangladesh Pratinioto news site