Most Recent Post
Home / খেলাধুলা / আইসিসির সিদ্ধান্তে আর কোনো পদক্ষেপে যাচ্ছে না বিসিবি

আইসিসির সিদ্ধান্তে আর কোনো পদক্ষেপে যাচ্ছে না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত মেনে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আর কোনো আইনি বা আরবিট্রেশন প্রক্রিয়ায় যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল বিসিবির বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সূত্র জানায়, আইসিসির বোর্ড সভায় ম্যাচ ভেন্যু পরিবর্তনের প্রস্তাব ভোটাভুটিতে বাতিল হওয়ায় আইনি লড়াইয়ে যাওয়ার বাস্তব সুযোগ সীমিত হয়ে পড়ে। ১৬ সদস্য দেশের ভোটে বাংলাদেশ নিজের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পায়।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা সম্ভব নয় এবং শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের কোনো সুযোগও রাখা হয়নি। ফলে আইসিসির সিদ্ধান্ত মেনেই সামনে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আইসিসির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। এই অবস্থানে অনড় থেকেই আইসিসি বিশ্বকাপের সূচি বহাল রেখেছে।

এর আগে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি বাংলাদেশ সরকারের। বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছে, আইসিসির বোর্ড সভার পর সরকারের ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয় এবং সূচিতে পরিবর্তন না এলে ভারত সফরে অংশগ্রহণ সম্ভব নয় বলে আইসিসিকে জানানো হয়।

১৯৯৯ সাল থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ এবারই প্রথম নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্টের বাইরে থাকছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে আগের সূচি অনুযায়ী বাংলাদেশের চার ম্যাচের তিনটি ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে।

About bdpratinioto

Check Also

প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ সকাল ১০টায় রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *