নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে সংসদ সদস্যদের (এমপি) জন্য নির্দিষ্ট বসার ব্যবস্থা করছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’ নামে একটি কক্ষ প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এমপিদের অভিযোগ ছিল—উপজেলা পরিষদে গেলে তাদের বসার নির্দিষ্ট কোনো স্থান থাকে না। এই সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শক্রমে ইতোমধ্যে প্রয়োজনীয় সরকারি আদেশ জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় সংযুক্ত বাথরুম ও প্রয়োজনীয় আসবাবসহ একটি কক্ষ প্রস্তুত করা হবে।
তিনি আরও বলেন, কক্ষটির নাম রাখা হবে ‘পরিদর্শন কক্ষ’। কারণ, আইন অনুযায়ী এমপিদের নামে স্থায়ীভাবে কক্ষ বরাদ্দ দেওয়ার বিধান নেই। তবে এই কক্ষে বসে এমপিরা স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ, দাপ্তরিক কাজ ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
একাধিক উপজেলা নিয়ে গঠিত কোনো সংসদীয় আসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব উপজেলায়ই ওই এমপির জন্য একই ধরনের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
এদিকে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ধন্যবাদ জানিয়ে সব এমপির জন্য সরকারি গাড়ির ব্যবস্থার দাবিও তোলেন। তার বক্তব্যে সংসদে টেবিল চাপড়ে সমর্থন জানান অনেক সদস্য।
উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ এনসিপির আরেক সংসদ সদস্য আতিকুর রহমান নির্বাচনী এলাকায় এমপিদের বসার জন্য পৃথক স্থান নির্ধারণের দাবি তুলেছিলেন।
Bangladesh Pratinioto news site