বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনগুলোকে ‘গুপ্ত রাজনীতি’ পরিহার করে প্রকাশ্য ও গঠনমূলক রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
মাহদী আমিন দাবি করেন, গত ১৬ বছরে সবচেয়ে বেশি হামলা-মামলা, গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বিএনপি। একই সঙ্গে তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রেখেছে।
তিনি উল্লেখ করেন, “হেলমেট ও হাতুড়ি বাহিনীকে উপেক্ষা করে নিজেদের পরিচয়ে যে ছাত্র সংগঠন বারবার প্রতিরোধ গড়ে তুলেছে, সেটি ছাত্রদল।” অনেক নেতাকর্মী হল থেকে বহিষ্কার, পরীক্ষা ও ক্লাসে অংশগ্রহণে বাধার মুখেও সংগঠনটি সক্রিয় থেকেছে বলেও দাবি করেন তিনি।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, শহীদের সংখ্যার দিক থেকে একক সংগঠন হিসেবে ছাত্রদলের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।
সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে ‘গুপ্ত’ রাজনীতিকে কেন্দ্র করে ছাত্রশিবির সহিংসতায় জড়িয়েছে। এটি সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থি বলেও মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে বাকস্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, যা গত দুই মাসের কর্মকাণ্ডেই স্পষ্ট।”
সবশেষে তিনি বিরোধী দল ও তাদের ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা ও সংঘর্ষের পথ ছেড়ে স্বচ্ছ, ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় ফিরে আসাই জনগণের প্রত্যাশা।
Bangladesh Pratinioto news site