ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৫টার দিকে বাহারছড়ার শ্যামলাপুর বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শ্যামলাপুর থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চিংড়ি রেণু জব্দ করা হয়। জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণু মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয়, যাতে প্রাকৃতিক পরিবেশে এ সম্পদ সংরক্ষণ করা যায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ আহরণ প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
Bangladesh Pratinioto news site