নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে ঢাকা-কাঁচপুর-সিলেট মহাসড়কে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ও যানজট নিরসন কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ-এর কাঁচপুর হাইওয়ে থানা। মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে দিন-রাত নিরলসভাবে কাজ করছেন পুলিশের সদস্যরা।
কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে মহাসড়কের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনার মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যা সাতটার দিকে কাঁচপুর হাইওয়ে থানার ওসির অফিস কক্ষে দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত-এর নির্বাহী সম্পাদক শেখ নিয়াজ মোহাম্মদের সাথে আলাপকালে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ এসব তথ্য জানান।
থানা সূত্র আরও জানায়, মহাসড়কে যেকোনো ধরনের অপরাধ দমন ও যানজট নিয়ন্ত্রণে কাঁচপুর হাইওয়ে থানার পক্ষ থেকে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলো তে পুলিশি উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
বর্তমানে কাঁচপুর হাইওয়ে থানার উদ্যোগে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭টি পিকেট টিম, ৩টি হোন্ডা মোবাইল টিম এবং ৩টি টহল ডিউটি টিম নিয়োজিত রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মোট ৯৬ জন পুলিশ সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে কাঁচপুর হাইওয়ে থানা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে কাঁচপুর হাইওয়ে থানা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। মহাসড়কে যানজট নিরসন, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আমাদের পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করছেন।
গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো যাত্রী যাত্রাপথে সমস্যার সম্মুখীন হলে দ্রুত হাইওয়ে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা একটি নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে চাই।
Bangladesh Pratinioto news site