রূপগঞ্জে পুলিশের অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, মিললো লুণ্ঠিত অস্ত্র-গুলি
Posted By :
bdpratinioto
জুন ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ, সারাদেশ
3 Views
বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পৃথক তিনটি ডাকাতি মামলায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ০২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ০১টি এয়ারগান, ০১টি ওয়াকিটকি, ডাকাতিতে ব্যবহৃত ০১টি হায়েচ মাইক্রো ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহরসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, অনলাইনে চীনা নাগরিকদের নিরাপত্তাকর্মী বা গানম্যান হিসেবে চাকরির বিজ্ঞাপন দেখে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকজন ব্যক্তি আবেদন করেন। আবেদনকারীরা হলেন— মোঃ রফিকুল ইসলাম শেখ, মোঃ রেজাউল করিম, মোঃ হায়দার আলী মুন্সি এবং মোঃ আব্দুল করিম।
পরে প্রতারক চক্র তাদেরকে চাকরিতে যোগদানের কথা বলে বিভিন্ন সময়ে ঢাকায় ডেকে আনে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, গত ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন ২০২৬ তারিখে প্রতারক চক্র তাদেরকে ঢাকার খিলক্ষেত থানা এলাকা থেকে একটি হায়েচ মাইক্রোতে তুলে নেয়। পরে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জ থানাধীন রূপগঞ্জ ইউনিয়নের আলমপুরা এলাকার ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নামে লাইসেন্সকৃত ৪টি ১২ বোর শটগান, ২৯ রাউন্ড কার্তুজ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় ৩টি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ১টি দস্যুতা মামলা দায়ের করা হয়।
মামলা রুজুর পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী-এর তত্ত্বাবধানে রূপগঞ্জ থানায় একটি বিশেষ আভিযানিক টিম গঠন করা হয়। নারায়ণগঞ্জ জেলার ‘সি’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইসলাম-এর তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফজলে রাব্বী মোল্লাসহ পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে।
পরে ২৪ জুন ২০২৬ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী থানা এলাকায় একাধিক অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— ১. নাসিম উদ্দিন মোল্লা (৩০) ২. রমজান আলী (৩১) ৩. মোঃ সিরাজুল ইসলাম (৩২) ৪. ইব্রাহিম শেখ (৩১)
অভিযানকালে তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ৪টি মোবাইল ফোন, ডাকাতিতে ব্যবহৃত হায়েচ মাইক্রো এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহরসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানান, চাকরির প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষকে টার্গেট করে অস্ত্র ও মালামাল লুটে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক-ডাকাত চক্রকে আমরা শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তার এবং বাকি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
২০২৬-০৬-২৫