সোহরাব বরগুনা প্রতিনিধি:
প্রকৃতির অপার সৌন্দর্য, নদীর ঢেউয়ের মায়া আর সুন্দরবনের নিসর্গ ছুঁয়ে থাকা এক শান্ত জনপদ—এ যেন চোখ জুড়ানো এক স্বপ্নের নাম, গোড়া পদ্মা।
বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের সুন্দরবন কোলঘেঁষা এই এলাকা এখন স্থানীয়দের নতুন প্রত্যাশার কেন্দ্রবিন্দু। এলাকাবাসী, দর্শনার্থী ও সচেতন মহলের একটাই দাবি—গোড়া পদ্মাকে গড়ে তোলা হোক একটি আধুনিক, পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে।
প্রতিদিন প্রকৃতিপ্রেমী মানুষ এখানে এসে মুগ্ধ হন নদীঘেরা মনোরম পরিবেশ, শীতল বাতাস আর সবুজের অপরূপ মেলবন্ধনে। স্থানীয়দের ভাষ্য—বরগুনায় পরিবার নিয়ে সময় কাটানোর মতো উন্নত ও আকর্ষণীয় বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে দীর্ঘদিন ধরে। আর সেই শূন্যতা পূরণ করতে পারে গোড়া পদ্মা।
কল্পনা করুন—নদীর পাড় ঘেঁষে একটি দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার, শিশুদের আনন্দের জন্য বিনোদন জোন, পরিবার নিয়ে বসার সবুজ পার্ক, নৌবিহারের মনোমুগ্ধকর আয়োজন, আর প্রকৃতির সান্নিধ্যে নিরাপদ পর্যটন ব্যবস্থা। কতটা প্রাণবন্ত হয়ে উঠতে পারে পুরো এলাকা।
স্থানীয়দের বিশ্বাস, পরিকল্পিতভাবে একটি ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে উঠলে শুধু পর্যটনই নয়, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, বদলে যাবে স্থানীয় অর্থনীতি, বাড়বে ব্যবসা-বাণিজ্যের সুযোগ। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসবে বরগুনার এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।
সচেতন মহলের মতে, পরিবেশের ভারসাম্য বজায় রেখে যদি সরকারি উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা যায়, তবে গোড়া পদ্মা হতে পারে বরগুনার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য—যেখানে প্রকৃতি, বিনোদন ও সম্ভাবনা মিলবে এক সুতোয়।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সরকার যদি পরিবেশের ভারসাম্য বজায় রেখে এখানে একটি বিনোদন ও পর্যটন কেন্দ্র নির্মাণ করে, তাহলে এটি বরগুনার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে।
দর্শনার্থীদের মতে, গোড়া পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য কাজে লাগিয়ে ওয়াচ টাওয়ার, বসার স্থান, শিশুদের বিনোদন ব্যবস্থা, নৌবিহার, সবুজ পার্ক ও নিরাপদ পর্যটন সুবিধা গড়ে তোলা হলে জায়গাটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে।
এ বিষয়ে স্থানীয়রা বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ, ইউনিয়ন চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ-এর সুদৃষ্টি কামনা করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গোড়া পদ্মা এলাকাকে পরিকল্পিত ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন তারা।
হয়তো খুব শিগগিরই, সুন্দরবনের কোলঘেঁষা এই নিভৃত জনপদ পরিচিত হবে নতুন নামে বরগুনার হৃদয়ে প্রকৃতির স্বর্গ, গোড়া পদ্মা ইকো-ট্যুরিজম স্পট।
Bangladesh Pratinioto news site