পাঁচবিবি সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ
Posted By :
bdpratinioto
জুন ১০, ২০২৬
সারাদেশ
13 Views
আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রাম পুলিশ। সীমান্ত আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি পুশইনের চেষ্টাও করছে। এসব অপতৎপরতা রুখতেই বিজিবি ও গ্রাম পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার, ৯ জুন ২০২৬: উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর, ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত এলাকাজুড়ে গ্রাম পুলিশ সদস্যরা বিজিবির সঙ্গে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন।আয়মারসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. রুহুল আমিন ও ধরঞ্জী ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক বলেন, ইউএনও এবং চেয়ারম্যান স্যারের নির্দেশে আমরা সবাই পালা করে দায়িত্ব পালন করছি। দিনের চেয়ে রাতের বেলায় বিজিবির সঙ্গে দল বেঁধে সীমান্ত এলাকায় টহল দিচ্ছি।
একাধিক সীমান্তবাসী জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিএসএফ প্রায়ই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। এছাড়া পুশইনেরও চেষ্টা করছে। এসব রুখে দিতেই বিজিবির সঙ্গে তাল মিলিয়ে গ্রাম পুলিশ সীমান্ত পাহারা দিচ্ছেন। এতে সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, সীমান্তের নিরাপত্তা জোরদারে সীমান্তবাসীর সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা করা হচ্ছে। আমাদের সীমান্ত রক্ষায় বিজিবি, গ্রাম পুলিশ এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করতে হবে।
২০২৬-০৬-১০