৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি র্যাবের জালে
Posted By :
bdpratinioto
জুন ২৮, ২০২৬
সারাদেশ
5 Views
ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ আইয়ুব আলী (২৭) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২-এর বাসিন্দা। তিনি মো. শামসুল আলমের ছেলে।
র্যাব জানায়, আইয়ুব আলীর বিরুদ্ধে ২০২৩ সালে উখিয়া থানায় একটি মাদক মামলা দায়ের হয়। পরে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ) উপধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। র্যাব-১৫ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে মাদক, সন্ত্রাস এবং অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২০২৬-০৬-২৮