Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / অন্যের জীবন বাঁচাতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাণ হারালেন ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক

অন্যের জীবন বাঁচাতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাণ হারালেন ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক

মোঃ সাব্বির হোসেন সানি,স্টাফ রিপোর্টার: নিজের পেশাগত জীবনে অসংখ্য নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিসের দক্ষ ডুবুরি সাদিক। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—শেষ পর্যন্ত উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়েই শীতলক্ষ্যা নদীর পানিতে প্রাণ হারাতে হলো ২৬ বছর বয়সী এই সাহসী সদস্যকে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল প্রায় ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা অপসারণের কাজ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। সহকর্মীদের ধারণা, স্পিডবোট থেকে নদীতে পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাত পান সাদিক। এরপর তিনি আর পানির ওপর ভেসে উঠতে পারেননি।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। টানা প্রায় আট ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলের অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জ হাসপাতালে ছুটে আসেন তাঁর স্ত্রী সাদিয়া ও পরিবারের সদস্যরা। মর্গে স্বামীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ীর গোয়ালন্দে জন্মগ্রহণ করেন সাদিক। ২০২১ সালের ২৪ অক্টোবর তিনি ফায়ার সার্ভিসে যোগদান করেন। পরে ২০২২ সালের ৮ অক্টোবর নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে দায়িত্ব গ্রহণ করেন।
কর্মজীবনে একজন দক্ষ ডুবুরি হিসেবে বহু গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযানে অংশ নেন তিনি।

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের একটি লেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দায়িত্বশীলতা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ গত বছর তিনি ‘সেরা ডুবুরি’ হিসেবে ফায়ার সার্ভিস পদকে ভূষিত হন। পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিলেন সাদিক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট বিয়ে করেন সাদিক। স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ শহরের ডালপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই আকস্মিক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবনের পথচলা। যিনি প্রতিনিয়ত অন্যের স্বজনকে খুঁজে পেতে নিজের জীবন বাজি রাখতেন, শেষ পর্যন্ত সেই সাহসী ডুবুরিকেই হারিয়ে শোকে মুহ্যমান পরিবার, সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *