বরগুনায় জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
Posted By :
bdpratinioto
জুলাই ১৭, ২০২৬
বরিশাল বিভাগ, সারাদেশ
46 Views
সোহরাব বরগুনা: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বরগুনা সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই বিপ্লবের শহিদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে সর্বপ্রথম শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, সিভিল সার্জন, পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা জুলাই যোদ্ধা সভাপতি মোঃ হান্নান মিয়া সহ প্রতিটি উপজেলার জুলাই যোদ্ধা ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই বিপ্লবের শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা বলেন, দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের ত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয়। নতুন প্রজন্মের কাছে তাঁদের অবদান তুলে ধরার পাশাপাশি শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই শহিদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
২০২৬-০৭-১৭