Most Recent Post
Home / বরিশাল বিভাগ / তালতলীতে রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের উদ্যোগ, সরেজমিনে স্থান পরিদর্শনে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার

তালতলীতে রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের উদ্যোগ, সরেজমিনে স্থান পরিদর্শনে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার

বরগুনা প্রতিনিধি: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, বরগুনার উদ্যোগে জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নে তালতলী উপজেলায় একটি রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের নেতৃত্বে প্রণীত তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার আওতায় এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৭ জুলাই ২০২৬) তালতলী উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাখাইন পল্লী সংলগ্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পের সম্ভাব্যতা, ভূমির উপযোগিতা এবং স্থানীয় রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার, তালতলীকে রাখাইন পল্লীতে ‘রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র’ স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম দ্রুত গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। তাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও জীবনধারা সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। তালতলীতে প্রস্তাবিত রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র শুধু একটি স্থাপনা নয়, এটি হবে সংস্কৃতি সংরক্ষণ, গবেষণা, প্রশিক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে রাখাইন ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জেলা প্রশাসন এ উদ্যোগ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শনের আলোকে কাউকে পেছনে ফেলে নয়, সকল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়েই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। রাখাইন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জেলা প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। জেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক বিকাশ, ঐতিহ্য সংরক্ষণ, পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

About bdpratinioto

Check Also

নরসিংদীর মাধবদীতে প্রায় দুই কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *