ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন: সরিষামুড়িতে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু জাফর আব্দুল্লাহর, বাড়ছে নির্বাচনী আলোচনা
Posted By :
bdpratinioto
জুলাই ৩০, ২০২৬
সারাদেশ
44 Views
বরগুনা জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি নেতা আবু জাফর আব্দুল্লাহ।
নির্বাচনকে ঘিরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও জনসম্পৃক্ত কার্যক্রমে অংশ নিচ্ছেন। স্থানীয়দের একাংশের ভাষ্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে আবু জাফর আব্দুল্লাহ ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় তিনি স্থান করে নিয়েছেন বলে তাদের দাবি।
জানা গেছে,আবু জাফর আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি, সরিষামুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বেতাগী উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। তিনি সরিষামুড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন।

তার সমর্থকদের দাবি, জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি এবং বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শাহজাহান কবিরের একমাত্র আস্থাবাজন পাশাপাশি পারিবারিকভাবেও জন প্রতিনিধিত্বের ধারাবাহিকতা রয়েছে। তার বাবা ছিলেন সরিষামুড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং তার স্ত্রী একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করে আবু জাফর আব্দুল্লাহ বলেন, আমি ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমার ইচ্ছা প্রকাশ করছি। আমার স্বপ্ন একটি সুশাসিত, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষের অধিকার, সম্মান ও উন্নয়ন নিশ্চিত হবে। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও সমর্থনই আমার শক্তি।
তিনি আরও বলেন, আমি ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ সরিষামুড়ি ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের সেবাই হবে আমার অঙ্গীকার।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সরিষামুড়ি ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ। তবে শেষ পর্যন্ত কোন কোন প্রার্থী নির্বাচনী মাঠে থাকবেন এবং ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, সেটিই এখন সরিষামুড়ি ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়।
২০২৬-০৭-৩০