Most Recent Post
Home / বরিশাল বিভাগ / বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন
Oplus_131072

বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

সোহরাব বরগুনা: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরগুনায় শুরু হয়েছে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

সোমবার (২৭ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বৃক্ষমেলা আগামী ২ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা এবং উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের বৃক্ষপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, একটি গাছ একটি প্রাণ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলা বরগুনায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তা সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। আমরা সবাই মিলে সবুজ ও পরিবেশবান্ধব বরগুনা গড়ে তুলব।

সাত দিনব্যাপী এ বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সারির স্টলে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। জেলা প্রশাসন মেলা পরিদর্শন এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

 

About bdpratinioto

Check Also

মাধবপুরে ব্যবসায়ীকে মারধর, টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর বাজারে এক মোবাইল ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও একটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *