নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী অভিযান: ৪২০ বোতল স্কাফসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Posted By :
bdpratinioto
জুন ২২, ২০২৬
নারায়ণগঞ্জ, সারাদেশ
19 Views
শেখ নিয়াজ মোহাম্মদ নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল বন্দর থানাধীন নাঙ্গলবন্দ এলাকার চাচা- ভাতিজা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪২০ বোতল স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— সিরাজ মোল্যা (২৫), মাহাবুবুর রহমান (২০) এবং রাশেদুল ইসলাম (৩৫)। তাদের মধ্যে দুজনের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায় এবং একজনের বাড়ি মাগুরা জেলায় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অভিনব কৌশলে এসব মাদক পরিবহন করত বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
র্যাব-১১ জানায়, মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩৩, তারিখ ২২ জুন ২০২৬। বর্তমানে তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
২০২৬-০৬-২২