সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৬ আসামি গ্রেপ্তার
Posted By :
bdpratinioto
জুন ২৫, ২০২৬
নারায়ণগঞ্জ
11 Views
শেখ নিয়াজ মোহাম্মদ, নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার অভিযুক্ত ১ জন, ২০ পিস ইয়াবাসহ মাদক মামলায় ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন এবং পুরাতন চুরি মামলার ১ জন আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং থানায় রুজুকৃত বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখিত আব্দুল মান্নান (৫৬)-কে রাজনৈতিক মামলার অভিযুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকার বাসিন্দা।
তাকে বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকা থেকে আটক করা হয়। একই অভিযানে বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় নোমানী ফ্যাশন অ্যান্ড গিফট কর্নারের সামনে থেকে মো. শাহীন (৩৮)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি সানারপাড়ের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা।
এ ছাড়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তিনজনকে আটক করা হয়। তারা হলেন— মো. হিমেল, মো. রাজু (২৪) এবং সাজেদা আক্তার (২৬)। হিমেলকে ওয়াপদা কলোনী এলাকা থেকে, রাজুকে বাগমারা এলাকা থেকে এবং সাজেদা আক্তারকে কান্দাপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে সিদ্ধিরগঞ্জ থানায় রুজুকৃত একটি পুরাতন চুরি মামলার আসামি সাব্বির ইসলাম (২৮)-কেও গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শিমরাইল পুকুরপাড় এলাকা থেকে আটক করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান,সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি, সন্ত্রাসী কার্যক্রম ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
২০২৬-০৬-২৫