বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: আগামী ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে শনিবার (৩ এপ্রিল) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিরাজমান করোনা পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিস্তারিত সিদ্ধান্ত আজ সন্ধ্যার মধ্যে জানানো হবে। তবে শিল্প-কলকারখানা শর্তসাপেক্ষে চালু থাকতে পারে।’
বিএনপি মিডিয়ায় ঝড় তোলা ছাড়া করোনা মহামারিতে জনগণের পাশে দাঁড়ায়নি দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচার করায় তাদের করোনাকালীন সফলতা। তারা সরকারের কোনো উদ্যোগ চোখে দেখতে পায় না। এই মহামারিতে মানুষের পাশে দাঁড়ানোর ন্যূনতম মূল্যবোধ তারা হারিয়ে ফেলেছে।’
জনগণের সম্পদ বিনষ্ট ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি এবং তার সহযোগীরা যে তাণ্ডবলীলা চালিয়েছে তার জন্য বিএনপিকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে জনগণের ওপর প্রতিশোধ নেওয়া তাদের কৌশল। জনগণ সঠিক সময়ে তাদের এই অপকৌশলের জবাব দেবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘অনেকেই মাস্ক পড়ছেন না এবং স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় বের হচ্ছেন না। এভাবে চলতে থাকলে করোনায় মৃত্যুর মিছিল ঠেকানো যাবে না। প্রধানমন্ত্রীর ১৮ দফা নির্দেশ মেনে চলতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
Bangladesh Pratinioto news site