Most Recent Post
Home / জাতীয় / হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের ভিড়

হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের ভিড়

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ইট-পাথরের নগর ঢাকায় অন্য সময়ে ব্যস্ততায় সময় কাটে মানুষের। যান্ত্রিক এ শহরে বিনোদনকেন্দ্রও অল্প। তবে, ঈদের ছুটিতে মানুষ ব্যস্ততাকে দিয়েছেন অবসর। আর সেই অল্প কয়েকটি বিনোদনকেন্দ্রই হয়ে উঠেছে ঈদ উৎযাপনের প্রধান অনুষঙ্গ। রাজধানীর অন্যতম প্রধান বিনোদন স্পট হাতিরঝিল। তাই, সেখানে ছুটে এসেছেন রাজধানীবাসী। বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহার দিনে দুপুরের পর থেকেই হাতিরঝিলে মানুষের ভিড়।

উত্তর বাড্ডা থেকে পরিবার নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন ফজলুল হক খান। তিনি বলেন, পরিবার- পরিজন নিয়ে ঘোরার সময় পাই না। কাজের মধ্যেই সারাদিন চলে যায়। ঈদের ছুটিতে একটু সময় পেয়েছি। তাই, পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। খুবই ভালো লাগছে এখানে এসে।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আলেয়া বলে, প্রতি ঈদেই আমি এখানে আসি। আমার বাবা-মা এখানে নিয়ে আসেন। খেলা করছি, খুব ভালো লাগছে। আমি প্রতিদিনই এখানে আসতে চাই।

নুসরাত আলেয়ার মা নার্গিস আক্তার বলেন, সাংসারিক কাজ আর সন্তানদের লালন-পালন করতে সারাদিন বাসায় কেটে যায়। বের হতে পারি না। তবে, ঈদের দিন এখানে এসে খুবই ভালো লাগছে। বোটে করে ঝিলে ঘুরেছি। এখানে সবুজের যে সমারোহ, তা যেকোনো মানুষকে সহজে আকৃষ্ট করবে।

তাদের মতো বিভিন্ন বয়সের, শ্রেণি-পেশার মানুষ ঈদের দিন বিকেল ও সন্ধ্যায় ছুটে এসেছেন হাতিরঝিলের নির্মল পরিবেশ উপভোগ করতে। কেউ বসে আছেন পরিবারের সদস্যদের নিয়ে। কেউ হাঁটাহাঁটি করছেন। কেউ সেলফি তুলছেন বা ভিডিও করছেন। বিভিন্ন হকারকে ঘুরতে দেখা যায় বিনোদনপ্রেমীদের পছন্দের খাবার নিয়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানিয়েছেন, বিনোদনপ্রেমীদের নিরাপত্তার জন্য হাতিরঝিলে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা নজরদারি করছেন। কেউ কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

About bdpratinioto

Check Also

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আলোকে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংসদে সংশোধনের তাগিদ দিয়েছেন সুজন সম্পাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *