বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই নারীকে নগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরানোর মামলার প্রধান সন্দেহভাজন আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেছে নারীরা। শুক্রবার রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।
রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় গত ৪ মে দুই কুকি উপজাতি নারীকে নগ্ন করে গ্রামে ঘোরানো হয়। এ ঘটনার একদিন আগেই উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং কুকি উপজাতির মধ্যে তফসিলি উপজাতি মর্যাদার দাবিতে সংঘর্ষ শুরু হয়েছিল। ভুয়া একটি ভিডিও’র সূত্র ধরে কুকিদের গ্রামে হামলা চালানো হয়েছিল। ওই দুই নারী ও তাদের পরিবারের সদস্যরা সংঘর্ষের সময় প্রাণে বাঁচতে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। ওই নারীদের এক জনের ভাইকে হত্যা করে হামলাকারীরা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনার নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পর প্রধান সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও তিন জনকে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যের রাজধানী ইম্ফলের সিনিয়র পুলিশ কর্মকর্তা হেমন্ত পান্ডে বলেছেন, ‘স্থানীয় মহিলারা প্রধান অভিযুক্তের বাড়িতে ঢিল ছুড়েছে এবং বাড়ির কিছু অংশ পুড়িয়ে দিয়েছে। আমরা নারীদেরকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অনুরোধ করছি কারণ সেখানে তীব্র অস্বস্তি রয়েছে। আমরা তাদের ক্ষোভ বুঝতে পারছি।’
Bangladesh Pratinioto news site