নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ছাত্রদলের হামলায় ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সুজন মিয়া আহত হন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৩টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
আহতদের মধ্যে ছাত্রদলের রাজারহাট উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন রয়েছেন। অপরদিকে ছাত্রশিবিরের আহতরা হলেন উপজেলা শাখার সভাপতি সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bangladesh Pratinioto news site