নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১৪ বছর পর এশিয়ান বিচ গেমস-এ পদক জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছেন তারা।
এ সাফল্যে দলটির খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “নারী কাবাডি দলের এই অর্জন দেশের জন্য একটি বিশেষ মুহূর্ত। দীর্ঘ বিরতির পর এশিয়ান বিচ গেমস থেকে পদক পুনরুদ্ধার করে আমাদের মেয়েরা প্রমাণ করেছে—সুযোগ ও নিষ্ঠা থাকলে তারা বিশ্বমঞ্চে যেকোনো প্রতিপক্ষের মোকাবিলা করতে সক্ষম।”
তিনি আরও বলেন, “সেমিফাইনালে ভারতের বিপক্ষে তারা যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ২০১২ সালের পর এই প্রথম কাবাডিতে পদক জয় নারী ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়াবে।”
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ নারী কাবাডি দল আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে। একই সঙ্গে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে এ প্রতিযোগিতায় পদক জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর এবার ব্রোঞ্জ জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Bangladesh Pratinioto news site