নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে দরজা ভেঙে গোয়ালঘরে ঢুকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে পৌরসভার ঢাকা পট্টি চৌকিদারপাড়া এলাকায় নিপেন সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাতে দুর্বৃত্তরা টিনের দরজা ভেঙে গোয়ালঘরে প্রবেশ করে একটি ফ্রিজিয়ান জাতের দুধেল গাভী, একটি দামুর গরু এবং একদিন বয়সী একটি বাছুর চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
এ ঘটনায় নিপেন সরকার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গভীর রাতে চোরেরা পরিকল্পিতভাবে দরজা ভেঙে গরুগুলো নিয়ে পালিয়ে যায়।
রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে। নিপেন সরকারের স্ত্রী ইতি রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই গরুগুলোর উপরই আমাদের সংসার চলত। বিভিন্ন এনজিও থেকে প্রায় ৮ লাখ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর তৈরি করে গরু কিনেছিলাম। এখন গরু না থাকায় কিভাবে ঋণের কিস্তি পরিশোধ করব, বুঝতে পারছি না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকায় মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের একটি অস্ট্রেলিয়ান জাতের দুধেল গাভী ও বাছুর চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তুহিন রেজা বলেন, “গরু চুরির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।”
Bangladesh Pratinioto news site