শেখ নিয়াজ মোহাম্মদ;নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ৬টার দিকে নয়াপাড়া বার্মাস্ট্যান্ড এলাকার ১ নম্বর সেতুর পাশের লেক থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মনিরুল (১৫) ও শুভ (১৫)। তারা গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে। বর্তমানে পরিবারসহ তিনি সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
অপরদিকে শুভ পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। তিনিও পরিবারসহ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, সোমবার দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে পাঁচ বন্ধু মিলে নাভানা মাঠে ফুটবল খেলে। খেলা শেষে তারা ডিএনডি লেকের নয়াপাড়া বার্মাস্ট্যান্ড এলাকার ১ নম্বর সেতুর পাশে গোসল করতে নামে। পরে তিনজন ফিরে গেলেও মনিরুল ও শুভ আর বাড়ি ফেরেনি।
তিনি আরও জানান, নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Check Also
বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধি: ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার মাস পবিত্র মহরম। এই মাসের তাৎপর্য ...
Bangladesh Pratinioto news site