Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফে লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক ২

টেকনাফে লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই ট্রাকের আড়ালে ঢাকায় পাচারকালে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় ট্রাকের হেলপার কাদের ও লবণ ব্যবসায়ী নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এ চালান উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল রানা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি লবণবোঝাই ট্রাক থামানো হয়। প্রথমে তল্লাশিতে কিছু না মিললেও পরে ট্রাক থেকে লবণ নামানোর সময় দুটি সন্দেহজনক বস্তা শনাক্ত করা হয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা খুলে দেখা যায়, লবণের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।

র‌্যাব-১৫ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল রানা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মাদক কারবারিরা এখন পণ্যবাহী যানবাহন ব্যবহার করছে। লবণের চালানের ভেতরে ইয়াবা লুকানোর ঘটনাটি সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত কাজ।

তিনি আরও বলেন, টেকনাফ সীমান্ত দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক অভিযানের কারণে পাচারকারীরা নতুন নতুন কৌশল গ্রহণ করছে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

About bdpratinioto

Check Also

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *