সিকু চাকমা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিত মা ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে “সিএসএস স্বপ্নপূর্তি”। শনিবার (২৩ মে) দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এমএফপি উপকারভোগী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদানসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়।
জালকুড়ি পশ্চিমপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় আয়োজিত এ ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়। স্থানীয় অসহায় ও নিম্নআয়ের বিপুল সংখ্যক মানুষ এ সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পীযূষ কান্তি বিশ্বাস, ফতুল্লা শাখা (২)-এর ব্রাঞ্চ ম্যানেজার পরিতোষ মণ্ডল, এলও গোলাম রব্বানী, চিকিৎসক ডা. ফাতেমা আক্তার (এমবিবিএস, পিজিটি গাইনি), নার্স নাজমা আক্তার ও মাহম্মুদা।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিএসএস ঢাকা দক্ষিণ জোনের ফতুল্লা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার পীযূষ কান্তি বিশ্বাস। তিনি বলেন, “১৯৮২ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা ও শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে সিএসএস সারা দেশে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সিএসএসের প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সারা বাংলাদেশে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।”
তিনি আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পে উপস্থিত চিকিৎসক ডা. ফাতেমা আক্তার দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত’কে বলেন, “আমি দীর্ঘদিন ধরে সিএসএসের সঙ্গে যুক্ত থেকে রোগীদের সেবা দিয়ে আসছি। এখানকার রোগী ও স্থানীয় মানুষ খুবই আন্তরিক। তাদের সেবা দিতে পেরে আমারও ভালো লাগে।”
Bangladesh Pratinioto news site