ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী দুইজন গ্রেপ্তার
Posted By :
bdpratinioto
জুন ১৬, ২০২৬
নারায়ণগঞ্জ
34 Views
শেখ নিয়াজ মোহাম্মদ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত ২ বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১১ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অপহৃত শিশু উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকায়। গ্রেপ্তারকৃতরা একই এলাকার পাশাপাশি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই শিশুটিকে কোলে নেওয়া ও আদর করতেন।
গত ১২ জুন ২০২৬, সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত সুজন ও মাজেদা শিশুটিকে আদর করার কথা বলে বাসা থেকে নিয়ে গিয়ে অপহরণ করে বলে অভিযোগ ওঠে। পরে শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী পরিবার র্যাব-১১ এর শরণাপন্ন হলে সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল ১৪ জুন ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টায় নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে অপহরণ মামলার সঙ্গে জড়িত মো. সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)-কে গ্রেপ্তার করা হয়। একই সময়ে তাদের হেফাজত থেকে অপহৃত ২ বছরের শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
২০২৬-০৬-১৬