সাঘাটায় ডেমক্রেসিওয়াচের উদ্যোগে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে পরামর্শ সভা অনুষ্ঠিত
Posted By :
bdpratinioto
জুন ২২, ২০২৬
সারাদেশ
60 Views
মোঃ মেহেদী হাসান গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচের আয়োজনে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (FACING) প্রকল্পের আওতায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও বৈষম্য নিরসনে এক বিশ্লেষণধর্মী ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১০টায় সাঘাটা উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিকতা এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভার উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মো. সাকিউল ইসলাম সাকি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেমক্রেসিওয়াচের জেলা কর্মসূচি সমন্বয়কারী ফজলে রাব্বি জেন্ডারভিত্তিক সহিংসতার (জিবিভি) সার্বিক পরিস্থিতি উপস্থাপন করেন। তিনি পরিবার ও সমাজের নানা অবক্ষয়, সামাজিক অসঙ্গতি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, থানা, আদালত, মহিলা বিষয়ক কার্যালয়, ইউনিয়ন পরিষদ, নাগরিক প্ল্যাটফর্ম এবং স্থানীয় সংবাদপত্র থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে এলাকার জেন্ডারভিত্তিক সহিংসতার চিত্র উপস্থাপন করা হয়েছে। তবে প্রকাশিত তথ্যের বাইরেও প্রকৃত নির্যাতনের সংখ্যা আরও বেশি বলে তিনি মন্তব্য করেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতা, সমাজ কাঠামোয় নারীর তুলনামূলক পিছিয়ে থাকা অবস্থান, আইনের যথাযথ প্রয়োগে সীমাবদ্ধতা, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, মামলার জট এবং সামাজিক মান-সম্মানের ভয়ে অনেক ভুক্তভোগীর ঘটনা গোপন রাখার প্রবণতার কারণে জেন্ডারভিত্তিক সহিংসতার ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা আরও বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম, প্রশাসন ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন এবং বৈষম্যমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
ডেমক্রেসিওয়াচের জেলা কর্মসূচি সমন্বয়কারী ফজলে রাব্বি এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার আকলিমা খাতুন যৌথভাবে সভাটি সঞ্চালনা করেন। সভা শেষে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
২০২৬-০৬-২২