Most Recent Post
Home / সারাদেশ / পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে নারী আটক

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিজেকে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সদস্য পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে হাছিনা আক্তার (৩৭) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাছবাড়ীয়া এলাকার আবুল কাসেমের মেয়ে। বর্তমানে তিনি পেকুয়া পৌরসভায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে ওই নারী নিজেকে পেকুয়ায় কর্মরত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবারও তিনি বিভিন্ন তথ্য ও বিষয় নিয়ে যোগাযোগ করলে তার সন্দেহ হয়। পরে বিষয়টি পেকুয়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ভুয়া ডিজিএফআই পরিচয় ব্যবহারের অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কী উদ্দেশ্যে এ পরিচয় ব্যবহার করছিলেন এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, আটক নারীর ব্যবহৃত পরিচয়পত্র, মোবাইল ফোন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

About bdpratinioto

Check Also

সাঁথিয়া উপজেলা শারিরীক শিক্ষা এসোসিয়েশন এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়া উপজেলা শারিরীক শিক্ষা এসোসিয়েশন এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *