Most Recent Post
Home / সারাদেশ / পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ:

কক্সবাজারের রামু উপজেলায় পানির বোতল ভেবে ভুলবশত সালফিউরিক এসিড পান করে মো. ওসমান (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ওসমান রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন এবং স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় তৃষ্ণা পেলে পাশে রাখা একটি বোতল থেকে পানি ভেবে পান করেন। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বোতলটি পরীক্ষা করে দেখেন, সেটিতে পানি নয়, সালফিউরিক এসিড ছিল।

পরে তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী ভুলবশত পানির বোতল মনে করে এসিড পান করেছিলেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে স্থানীয়রা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

 

About bdpratinioto

Check Also

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

মোঃ আব্দুল কাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *