অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার অপহৃত ব্যক্তি
Posted By :
bdpratinioto
জুন ২৯, ২০২৬
সারাদেশ
36 Views
মাজিবুল হক :স্টাফ রিপোর্টার টেকনাফ:
কক্সবাজারের উখিয়ায় অপহরণের শিকার এক ব্যক্তিকে ২৪ দিন পর সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। রোববার (২৮ জুন) বিকেলে উদ্ধার হওয়া ব্যক্তি নিজেই র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্পে) এসে হাজির হন। উদ্ধার হওয়া ব্যক্তি মো. ইমতিয়াজ আলম (৫২)। তিনি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নয়াটোলা এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। র্যাব জানায়, গত ৪ জুন রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমতিয়াজ আলমকে অপহরণ করে। এ ঘটনায় তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকেই অপহৃত ব্যক্তিকে উদ্ধারে র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ছায়া তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য বিভিন্ন আস্তানায় ছদ্মবেশে ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। র্যাবের দাবি, তাদের টানা অভিযান ও কঠোর চাপের মুখে একপর্যায়ে অপহরণকারীরা ইমতিয়াজ আলমকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি স্বশরীরে র্যাব ক্যাম্পে এসে উপস্থিত হন।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে উখিয়া থানার পান বাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে।
২০২৬-০৬-২৯