বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের ভ্রমণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়ার সিভিল এভিয়েশন। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ না নিয়ে থাকলে সে ক্ষেত্রে ভ্রমণকারীদের কোভিড টেস্টের পাশাপাশি চার দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
এছাড়া করোনা প্রতিরোধী টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকলে সেক্ষেত্রে যাত্রার দুই দিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এমনকি মালয়েশিয়ায় পৌঁছানোর পর ভ্রমণকারীকে নিজ খরচে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।
রবিবার (১৩ মার্চ) দেশটির সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে তথ্যটি জানানো হয়। নতুন এই ভ্রমণ বিধিনিষেধ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। আদেশের একটি কপি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) পাঠানো হয়েছে।
আদেশে অরও উল্লেখ করা হয়, যেসব যাত্রী টিকার পূর্ণাঙ্গ ডোজ গ্রহণ করেছেন, তবে গত ২ মাসে একবার করোনায় আক্রান্ত হয়েছেন, সেসব যাত্রীকে যাত্রার ২ দিন আগে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। এক্ষেত্রে তাদের কোনো ধরনের কোয়ারেন্টিনে থাকতে হবে না। কিন্তু মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
এছাড়া যেসব যাত্রী বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসকের পরামর্শে করোনা প্রতিরোধী টিকা নেননি তাদের যাত্রার দুইদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এমনকি মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এছাড়া তাদের নিজ খরচে পাঁচ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও থাকতে হবে।
কোয়ারেন্টিনের চতুর্থ দিন তাদের আরটি পিসিআর ও পঞ্চম দিন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। দুই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেই ভ্রমণ করতে পারবেন মালয়েশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে করোনা প্রতিরোধে দেশের সীমানা বন্ধ করেছিল মালয়েশিয়ার সরকার। যদিও সাম্প্রতিক প্রাণঘাতী ভাইরাসটির শক্তিশালী ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের কারণে দেশের ৯৯% সংক্রমণ হালকা বা উপসর্গহীন দৈনিক আক্রান্ত হলেও শেষ পর্যন্ত ১ এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে সীমান্ত খোলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
Bangladesh Pratinioto news site