Most Recent Post
Home / আইন আদালত / চুরির ঘটনায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক বরখাস্ত

চুরির ঘটনায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক বরখাস্ত

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার হাসপাতালের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে দায়িত্ব পালনে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

তদন্তে উল্লেখ করা হয়, ডা. শাহিদুল হাসান হাসপাতালের এক কর্মচারীকে মৌখিকভাবে মালামাল বের করার নির্দেশ দেন। তবে তিনি এ বিষয়ে কোনো লিখিত অনুমোদন যাচাই করেননি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেননি। ওই নির্দেশের ভিত্তিতে প্রথমে দুই ট্রাক মালামাল হাসপাতাল থেকে বের হয়ে যায়।

পরবর্তীতে একই দিন রাত ১১টার দিকে আরও চার ট্রাক মালামাল বের করার সময় স্থানীয়দের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানো হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গত ২১ এপ্রিল এ ঘটনার পর প্রো-ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতেই এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি, অধ্যাদেশ ও প্রবিধানের দক্ষতা ও শৃঙ্খলা সংক্রান্ত বিধির আওতায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং তার চাকরি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী নিয়ন্ত্রিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও প্রশাসনিক তদারকির ঘাটতির বিষয়টি সামনে নিয়ে এসেছে।

About bdpratinioto

Check Also

উপজেলা পরিষদে এমপিদের ‘অফিস’ সুবিধা চালু

নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে সংসদ সদস্যদের (এমপি) জন্য নির্দিষ্ট বসার ব্যবস্থা করছে সরকার। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *