Most Recent Post
Home / সারাদেশ /  আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা

 আইবিপি মাঠে রাতভর জুয়া-মাদকের আসর, আতঙ্কে স্থানীয়রা

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার;

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার আই.বি.পি মাঠ ও আশপাশের এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে জুয়া, মদ ও গাঁজার আসর বসানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে পুরো এলাকা এখন মাদক ও অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর থেকে রাত ১১টা-১২টা পর্যন্ত, কখনো তারও বেশি সময় ধরে দলবল নিয়ে মাঠে অবস্থান নেয় অভিযুক্তরা। সেখানে অনলাইন জুয়ার আসর বসিয়ে জয়ের টাকায় প্রকাশ্যে মদ্যপান ও গাঁজা সেবন করা হয়। অভিযোগ রয়েছে, হরিজন ও জলদাশ পাড়ার কয়েকজন যুবক নিয়মিত এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— রঞ্জিত দাস, ননাই দাশ, সমীরসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। স্থানীয়দের ভাষ্য, মূলত তারাই জুয়ার আয়োজন করে এবং পরে আরও অনেকে সেখানে জড়ো হয়। জুয়ার টাকা ভাগাভাগি নিয়েও প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আই.বি.পি মাঠসংলগ্ন এলাকায় অন্তত চারটি পরিবারের বসবাস রয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি ভাড়াটিয়া পরিবার। কিন্তু নারীদের চলাচলের সময়ও অভিযুক্তরা অশ্রাব্য ভাষা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। এতে পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, “তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিতে গেলে উল্টো হুমকি ও গালিগালাজ করা হয়। সাংবাদিক পরিচয় জানার পরও তারা অশালীন আচরণ করেছে। এমনকি পুলিশে দিলেও বের হয়ে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে।”

স্থানীয়দের দাবি, আই.বি.পি রোড এখন মাদক ব্যবসার অন্যতম স্পটে পরিণত হয়েছে। প্রকাশ্যে গাঁজা বিক্রির অভিযোগও রয়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,
“আই.বি.পি মাঠ এলাকায় জুয়া, মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের শনাক্ত করে খুঁজে বের করার কাজ চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্থানীয়দের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব শিগগিরই সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।”

এদিকে এলাকাবাসী দ্রুত অভিযান চালিয়ে জুয়া ও মাদকের আসর স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *