শাহাবুদ্দিন আকাশ নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ রিং রোডের মৌচাক স্ট্যান্ড থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত সড়কটি এলাকার অন্যতম ব্যস্ততম যোগাযোগপথ। তবে দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধভাবে ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহন পার্কিং করে রাখার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পথচারী এবং স্থানীয় মুসল্লিরা।
স্থানীয়দের অভিযোগ, যাত্রাবাড়ী কাঁচাবাজার ও আড়ত থেকে আসা বিভিন্ন পণ্যের বর্জ্য ও ময়লা মৌচাক স্ট্যান্ড সংলগ্ন খালে ফেলে দেওয়া হচ্ছে। ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এছাড়া সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখায় প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়টি নিয়ে গাড়ির মালিক ও চালকদের সঙ্গে কথা বলতে গেলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এমনকি অবৈধ পার্কিং অপসারণের দাবি জানানো সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা।
অন্যদিকে, সড়কের পাশে অবস্থিত একটি মসজিদে মুসল্লিদের যাতায়াতও বাধাগ্রস্ত হচ্ছে। মুসল্লিদের ভাষ্য, পার্কিং করা যানবাহনের কারণে মসজিদে প্রবেশ ও বের হওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
সাধারণ জনগণ ও মুসল্লিদের দাবি, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা এই অবৈধ পার্কিং সিন্ডিকেট দ্রুত উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে খাল দখল ও বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Bangladesh Pratinioto news site