বরগুনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
Posted By :
bdpratinioto
জুন ২৯, ২০২৬
বরিশাল বিভাগ, সারাদেশ
7 Views
বরগুনা প্রতিনিধি:
শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে বরগুনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বরগুনা পৌরসভা কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, একটি সুস্থ, মেধাবী ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। নির্ধারিত বয়সের কোনো শিশুই যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে এবং গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিশুদের হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে এই সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।
২০২৬-০৬-২৯