বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: জাতীয় পার্টির (জেপি) নেতা আবদুস সালাম বাহাদুর (৫২) হত্যা মামলায় গ্রেপ্তার মা-মেয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- মমতা বেগম ও তার মেয়ে কামরুন্নাহার চাঁদনী।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আকতারুজ্জামান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকা ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাজিন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে যানা যায়, শনিবার (১৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে আবদুস সালাম বাহাদুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার (১৬ জুলাই) এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল করিম খলিফা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আবদুস সালাম বাহাদুর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। ধানমন্ডির ২৭ নম্বর সড়কে তার বাসা। গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানিতে।
Bangladesh Pratinioto news site