নারায়ণগঞ্জে অবৈধ গ্যাসের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৪০০ সংযোগ
Posted By :
bdpratinioto
জুন ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ
9 Views
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
জ্বালানি অপচয় ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে নারায়ণগঞ্জের ফতুল্লায় বড় ধরনের অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ৪০০ টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে একটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ কেটে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানীনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।
তিতাস গ্যাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, রাব্বানীনগর এলাকায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দেড় শতাধিক বাড়িতে স্থাপিত প্রায় ৪০০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রেগুলেটর ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
এরপর জালকুঁড়ি এলাকায় অবস্থিত ‘নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট’-এর অবৈধ গ্যাস সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হয়। নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ বলেন, “সরকারি সম্পদ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান নিয়মিত চলবে। যারা বারবার একই অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিতাস গ্যাস ও জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২০২৬-০৬-১৭