Most Recent Post
Home / সারাদেশ / উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে টানা ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হলেও অপর অভিযানে ধাওয়া খেয়ে চোরাকারবারীরা ইয়াবা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। বুধবার (২৯ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজিবি জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী ডেইলপাড়া চেকপোস্টের পেছনে সৈয়দ নুরের বাড়ির পাশ দিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা একটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে খাকিরঙা প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে একই দিন রাত সাড়ে ১০টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল দক্ষিণ রহমতের বিল এলাকায় নদীপথে মাথায় বস্তা নিয়ে সীমান্ত অতিক্রম করে আসা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উখিয়া উপজেলার দক্ষিণ রহমতের বিল গ্রামের মো. মনজুর আলী (৪০)। তার বহন করা বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনজুর আলী স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

About bdpratinioto

Check Also

ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন: সরিষামুড়িতে চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু জাফর আব্দুল্লাহর, বাড়ছে নির্বাচনী আলোচনা

বরগুনা জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *