নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট পরিচয়ে এক বহিরাগত ব্যক্তির অবস্থানের অভিযোগ উঠেছে। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর লিফলেট ঝোলানো অবস্থায় ভোটকক্ষে দেখা যায়, যা নিয়ে কেন্দ্রজুড়ে আলোচনা তৈরি হয়। ঘটনাটি ঘটেছে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দলরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফখরুল ইসলাম নামের ওই ব্যক্তি পুরুষ কেন্দ্রের এজেন্টদের কক্ষে অবস্থান করে ভোটারদের সঙ্গে কথা বলছেন। তার গলায় ধানের শীষ প্রতীকের লিফলেট ঝুলানো ছিল। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবে দাবি করেন।
তবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সংরক্ষিত কাগজপত্রে ফখরুল ইসলাম নামের কোনো অনুমোদিত এজেন্টের নাম পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা মোয়াজ্জেনুল হক বলেন, ওই ব্যক্তি বহিরাগত কি না বা এজেন্ট হিসেবে অনুমোদিত কি না—এ বিষয়ে আমার জানা ছিল না। বিষয়টি নজরে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শুধু ফখরুল ইসলামই নন, কেন্দ্রের আরও কয়েকজন পোলিং এজেন্টের পরিচয়পত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাদের গলায় ঝুলানো পরিচয়পত্রে ছবি ও নাম স্পষ্টভাবে উল্লেখ ছিল না, যা নির্বাচন আচরণবিধির পরিপন্থী বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।
অভিযোগের বিষয়ে ফখরুল ইসলাম বলেন, “আমি ধানের শীষের এজেন্ট হিসেবে এখানে বসে আছি। গলায় লিফলেট ঝুলানো নিষেধ—এটা আমার জানা ছিল না। এখানে কোনো অনিয়ম হচ্ছে না, শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।
প্রার্থীর লিফলেট গলায় ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান প্রসঙ্গে প্রিজাইডিং কর্মকর্তা বলেন, এটি আমার নজর এড়িয়ে গেছে। বিষয়টি আগে খেয়াল করিনি। এখন থেকে আরও সতর্ক থাকবো। ঘটনাটি ঘিরে কেন্দ্রটিতে সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
Home / নারায়ণগঞ্জ / সোনারগাঁয়ে ধানের শীষের এজেন্ট পরিচয়ে ভোটকক্ষে বহিরাগত! প্রিজাইডিং কর্মকর্তার অজানা থাকার দাবি
Check Also
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ৭ আসামি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ...
Bangladesh Pratinioto news site