আসাদুজ্জামান,আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে এক ছাত্রদল কর্মীর ওপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান হোসেন। শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ইমরান হোসেন বলেন, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা যুবলীগের নেতা শহীদ খান স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি দোকানে বসে বিএনপি ও বর্তমান সরকার সম্পর্কে কটূক্তি করেন। এ সময় সেখানে উপস্থিত পৌর ছাত্রদলের কর্মী সাকিব এর প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
তিনি অভিযোগ করেন, এক পর্যায়ে শহীদ খান তার দলবল নিয়ে সাকিবের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাকিবের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইমরান হোসেন আরও দাবি করেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তিনি বলেন, “একটি ষড়যন্ত্রকারী মহল আমার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ছাত্রদল কর্মী সাকিবের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Bangladesh Pratinioto news site