বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: আরও উত্তাল আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেছেন, আপনারা আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ঐক্যবদ্ধ হোন। আমাদের এক কথা, এক দাবি—শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে কেরানীগঞ্জ থানা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ জন্মগতভাবে সন্ত্রাসী দল। আওয়ামী লীগ সেই দল, যারা সন্ত্রাস করেই টিকে থাকে। আমরা যে দাবিতে আন্দোলন করছি, সেই একই দাবিতে তারা গানপাউডার দিয়ে ১১ জনকে হত্যা করেছিল। লগি-বইঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল। তারা নিজেরা সন্ত্রাসী হয়ে রাষ্ট্রকে সন্ত্রাসী বানিয়ে ফেলছে। দেশকে পুরোপুরি সন্ত্রাসী রাষ্ট্র করে ফেলেছে।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সরকার বিএনপির জনসমর্থন দেখে প্রচণ্ড ভয় পেয়ে পুরোপুরিভাবে অন্য পন্থায় চলে গেছে। আওয়ামী লীগ ন্যূনতম রাজনৈকিক শিষ্টাচার জানে না। আওয়ামী লীগ কোনোকালেই ভদ্র দল ছিল না।
সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, বিএনপির প্রান্তিকবিষয়ক সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
Bangladesh Pratinioto news site