নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় দেশীয় অস্ত্র, লুট করা স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকাসহ ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে নিয়মিত টহল চলাকালে মুসলিমনগর নয়াবাজার এলাকায় মো. আব্দুল বাতেনের বাড়ির সামনে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির অবস্থান লক্ষ্য করে পুলিশ। এ সময় এএসআই মো. মোজাম্মেল হক, এসআই সনজিব জোয়াদ্দার ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এগিয়ে গেলে ৭/৮ জনের একটি দল পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. অলিউল্লাহ হাওলাদার ওরফে ওয়ালিউল্লাহ (৩০), বরগুনা জেলার আমতলী থানার ওয়াপদা সড়ক এলাকার মৃত ইউছুফ হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার নয়াবাজার মুসলিমনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরজন মো. জাকারিয়া হাওলাদার (২৮), বরগুনা জেলার আমতলী থানার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, একটি কাটার, একটি গ্যাস লাইটার/হিটার, নগদ ৮ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন (ওজন ৪.৪৪ গ্রাম), একটি স্বর্ণের আংটি (২.১৬ গ্রাম) এবং বিভিন্ন ডিজাইনের ছোট-বড় ৪০ পিস কানের দুল (মোট ওজন ৩৩.১২ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ জব্দ করে থানায় রাখা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পলাতক আরও ৭/৮ জন সহযোগীকে নিয়ে তারা পঞ্চবটি থেকে কাশিপুর সড়কে মিশুক, অটো ও সিএনজিচালিত যানবাহনে ডাকাতির উদ্দেশ্যে ব্যারিকেড দেওয়ার পরিকল্পনা করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ কোথা থেকে লুট করা হয়েছে— সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, নিয়মিত টহল ও নজরদারি জোরদারের অংশ হিসেবে পুলিশের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সংঘবদ্ধভাবে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ফতুল্লা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
Bangladesh Pratinioto news site