মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাইসাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৬ জুন ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩৫ মিনিটে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের ফাহিমপুর গ্রামের একটি কলাবাগানের পাশের কাঁচা রাস্তা থেকে মোঃ ফাহিম হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাইসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। আটক ফাহিম হোসেন উপজেলার পদ্মপুকুর কাঞ্চন এলাকার বাসিন্দা।
এর আগে একই দিনে রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পরিচালিত আরেকটি অভিযানে নজিপুর পৌরসভার আলহেরা পাড়া এলাকায় মোঃ তারেক রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৯ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পত্নীতলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Bangladesh Pratinioto news site